২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাট-আমিন বাজার ওয়াটার বাস এ মাসেই

ঢাকার সদরঘাট থেকে আমিনবাজার পর্যন্ত অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য দু'টি ওয়াটার বাস নির্মাণ শেষ করেছে দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান থ্রি-এঙ্গেল মেরিন কনসালটেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 09:58 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সদরঘাট থেকে আমিনবাজার পর্যন্ত অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য দু'টি ওয়াটার বাস নির্মাণ শেষ করেছে দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান থ্রি-এঙ্গেল মেরিন কনসালটেন্ট। প্রায় এক কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার বাস দু'টি আগামী ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাছে হস্তান্তর করা হবে। প্রতিটি ৩৫ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ওয়াটার বাস দু'টি চলতি আগস্ট মাসেই এ রুটে চলাচল শুরু করবে বলে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন। বিদেশে রপ্তানির জন্য সমুদ্রগামী জাহাজ নির্মাণের পর বাংলাদেশ এবার প্রথমবারের মতো ওয়াটার বাসও তৈরি করলো। শাজাহান খান তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, "ঢাকার সড়কের ওপর চাপ কমাতে ওয়াটার বাস দু'টি সদরঘাট থেকে আমিনবাজার পর্যন্ত চলাচল করবে। প্রয়োজনে পরবর্তীতে ঢাকার চারপাশে নৌ-পথে আরো ওয়াটার বাস নামানো হবে।" বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, দু'টি ওয়াটার বাস তৈরির জন্য গত ১৮ এপ্রিল সর্বনিু দরদাতা প্রতিষ্ঠান থ্রি-এঙ্গেল মেরিন কনসালটেন্ট এর সঙ্গে বিআইডব্লিউটিসি'র চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চার মাসের মধ্যে ওয়াটার বাস দু'টি সরবরাহ করার কথা। সেই হিসেবে, থ্রি-এঙ্গেল মেরিন কনসালটেন্ট আগামী ১৯ আগস্ট এগুলো হস্তান্তর করবে। কর্মকর্তারা জানান, ইউরোপ থেকে দু'টি ওয়াটার বাস আমদানি করতে সরকারের খরচ হতো ন্যুনতম চার কোটি টাকা। দেশে তৈরি করায় মাত্র এক কোটি ১১ লাখ টাকায় কাজটি শেষ করা সম্ভব হয়েছে। এ ওয়াটার বাসগুলো ৩০ লিটার তেলে ঘন্টায় ১২ নটিক্যাল মাইল চলতে পারবে। এ ব্যয় তুলনামুলকভাবে অনেক কম। ওয়াটার বাস নির্মাণকারি প্রতিষ্ঠান থ্রি-এঙ্গেল মেরিন কনসালটেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ করা ও সময় বাঁচাতে ওয়াটার বাসের মূল ইঞ্জিন ইংল্যান্ড থেকে আকাশপথে ঢাকায় আনা হয়েছে। এর নকশা নিজস্ব প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। তিনি বলেন, "ওয়াটার বাসগুলোতে জ্বালানি খরচ কম ও গতিবেগ বেশি হবে। ১৯ আগস্ট নারায়ণগঞ্জ বন্দরের ডকইয়ার্ডে ওয়াটার বাস দুটি বিআইডব্লিউটিসির কাছে হস্তান্তর করা হবে।" নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, এগুলো চলাচলে সাফল্য পাওয়া গেলে ভবিষ্যতে আরো ওয়াটার বাস চালু করা হবে। যা পর্যায়ক্রমে চার চারদিকের নৌ-পথেই চলবে। এ ব্যাপারে বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল জানান, ওয়াটার বাসের ভাড়া ও চালুর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই তা চূড়ান্ত করা হবে। এর ভাড়া আমিনবাজার থেকে সদরঘাট পর্যন্ত বাসের ভাড়ার মতোই হবে। বিআইডব্লিউটিসি থেকে জানা যায়, থ্রি-এঙ্গেল মেরিন কনসালটেন্ট এর তৈরি চারটি সমুদ্রগামী নৌযানের নকশা ব্যুরো ভ্যারিটা ক্লাসিফিকেশন সোসাইটির অনুমোদন পায়। তাদের নকশায় বিআইডব্লিউটিসির চারটি সমুদ্রগামী জাহাজ নির্মাণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫৪৮ ঘ.