ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে শনিবার বিকালে সন্ত্রাসীদের গুলিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) এক কর্মচারী খুন হয়েছেন।
নিহত সিদ্দিকুর রহমান (৪২) ডিপিএইচই'র একজন অফিস সহকারি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্দিকুরের মামাত ভাই আমজাদ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বিকাল ৫টার দিকে আসরের নামাজ আদায়ের জন্য ডিপিএইচই অফিসের কাছে একটি মসজিদে অজু করার প্রস্তুতি নিচ্ছিলেন সিদ্দিকুর।
"এ সময় একটি মটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।"
তিনি জানান, উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি বেঁচে নেই।
আমজাদ হোসেন আরো জানান, তার ভাই মহাখালী জনস্বাস্থ্য কর্মচারি কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষির্কী পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য তিনি কিছু জিনিসপত্রও কেনেন। এসব জিনিসপত্র রেখে তিনি মসজিদে নামাজ পড়তে যান।
গুলশান থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনো জানা যায় নি। তবে সিদ্দিকুর রহমান একটি ক্যান্টিন চালান। ওই ক্যান্টিন নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ রয়েছে।
দুই ছেলে এক মেয়ের জনক সিদ্দিকুর রহমানের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/এসএএ/২১৪৬ঘ.
bdnews24