২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার করা বিরল প্রজাতির ময়না এখন পাখিশালায়

খুলনা থেকে উদ্ধার করা বিরল প্রজাতির ময়নাগুলো কক্সবাজারের সাফারি পার্কের পাখিশালায় রাখা হয়েছে। উড়ার উপযোগী হলে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে তাদের ছাড়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা থেকে উদ্ধার করা বিরল প্রজাতির ময়নাগুলো কক্সবাজারের সাফারি পার্কের পাখিশালায় রাখা হয়েছে। উড়ার উপযোগী হলে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে তাদের ছাড়া হবে। শনিবার বন অধিদপ্তরের (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) বন সংরক্ষক তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত বুধবার খুলনা শহরের শান্তিধাম মোড়ের নিউ গোল্ড ফিস দোকানে (গত ১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ টি বিরল প্রজাতির ময়না আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তপন কুমার দে। তিনি জানান, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গত ২ জুলাই ময়না পাখি আটকের ঘটনার পর সারা দেশে অবৈধ পাখি উদ্ধার অভিযান জোরদার করা হয়। খুলনায় ওই অভিযানে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মো. ইয়াছিন নেওয়াজ নেতৃত্ব দেন। পাখিগুলো এখনো উড়ার উপযুক্ত হয়নি জানিয়ে তপন কুমার দে বলেন, "আটককৃত বাচ্চা ময়নাগুলোকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সাময়িকভাবে কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রেরণ করা হয়। তাদের পাখিশালায় রাখা হবে। পরবর্তীতে পাখিগুলো উড়ার উপযুক্ত হলে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে অবমুক্ত করা হবে।" বন অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, পাখি পাচারকারীদের কারণে দেশের প্রকৃতি থেকে অনেক ময়না পাখি বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এর ফলে এই ময়না পাখি বা পাহাড়ী ময়না (ঐরষষ গুহধ) পাখি প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। "বাচ্চা অবস্থায় এদেরকে গাছের কুঠরী হতে ধরা সহজ বিধায় এবং বড় বৃক্ষ নিধনের ফলে এ পাখিটি আজ হুমকির সম্মুখীন। দেশের ঐতিহ্যবাহী ময়না পাখিসহ সব ধরনের পাখি সংরক্ষণে সবার এগিয়ে আসা উচিত" বলেন এই বন সংরক্ষক। অবৈধ পাখি ও বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের যে কোনো ধরনের তথ্য জানানোর জন্য (মোবাইল নম্বর: ০১৭২৭-৩২৯৮১৬) অনুরোধ করেছে বন অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৭১৩ ঘ.