২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে গুলিবিদ্ধ সন্ত্রাসীর মৃত্যু

রাজধানীর মগবাজারে গুলিবিদ্ধ দুজনের মধ্যে স্বপন হক তালুকদার (৩৬) বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 06:17 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মগবাজারে গুলিবিদ্ধ দুজনের মধ্যে স্বপন হক তালুকদার (৩৬) বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা এ খবর দিয়েছেন। রাতে মগবাজারে স্বপনের সঙ্গে নূর মোহাম্মদ (২৮) নামে অরেকজন গুলিতে আহত হয়েছেন। তবে নূর মোহাম্মদের অবস্থা তেমন গুরুতর নয়। এ দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান রমনা থানার উপপরিদর্শক এমএ জলিল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে স্বপনের মা বদিরণ নেছা পুলিশের এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, স্বপন নির্মাণ (ডেভেলপার) ব্যবসায়ী। এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী জাকির, সেন্টু, আলমগীরসহ কয়েকজন তাকে গুলি করে। তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন আগেও চাঁদার দাবিতে তার ছেলেকে এই সন্ত্রাসীরাই হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল। সে সময় পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। স্বপনের বড় বোন নাহিদ আকতার জানান, ইফতারের পর স্বপন মগবাজার ৫২৭/২৬ নয়াটোলার বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর এলাকার লোকজন এসে জানায় স্বপন গুলিবিদ্ধ হয়েছে। তিনি স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, স্বপন আমবাগান মোড়ে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলার সময় ৫/৬জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে। পরে স্থানীয় অধিবাসীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এইচএ/০০১৩ ঘ.