নেত্রকোনা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে নেত্রকোনায় ১২ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার নেত্রকোনার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন শহীদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তার ভাইপো মো. আলী রেজা কাঞ্চন।
হাকিম মো. আমিনুল হক মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।
মামলার আসামিরা হলেন- জেলা শহরের মসজিদ কোয়ার্টার এলাকার বাসিন্দা মো. ওবায়দুল হক তাহের, শহীদুর রহমান মাজু , মো. ইউসুফ, আব্দুর রশিদ, ফরিদ আহম্মদ, মোক্তারপাড়া মহল্লার আতাউর রহমান ননী, মিস্টার মিয়া, মো. মানিক মিয়া, নাগড়া মহল্লার মো. ফজলুর রহমান, কুড়পাড় মহল্লার মো. হাফিজ উদ্দিন মীর, সদর উপজেলার দেওপুর গ্রামের শহীদ উল্লাহ পিন্টু ও মেদনী ইউনিয়নের মো. আব্দুল ওয়াহাব খান রুনু।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা স্বাধীনতা যুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর আলবদর ও আল সামস বাহিনীর সদস্য ছিলেন। তারা মুক্তিকামী সাধারণ মানুষ খুন, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।
আসামিরা মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তাকে বিরামপুর বাজার থেকে ধরে নিয়ে আসে শহরের পুরাতন ফৌজদারী ভবনের সামনে। এখানে তাকে প্রকাশ্যে নির্যাতনের পর রাজাকার ক্যাম্পে রাখা হয়। সেখানে সারারাত নির্যাতনের পর মোক্তারপাড়া সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করে। পরে মুক্তার লাশ মগড়া নদী থেকে উদ্ধার করা হয়।
মামলার বাদি আলী রেজা কাঞ্চন সাংবাদিকদের বলেন, "আমার চাচার হত্যাকাণ্ড তখন নেত্রকোনা শহরের লোকজন দেখেছে।"
তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আসামি ইউসুফ ও আতাউর রহমান ননী দাবি করেন, মুক্তা হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৭২ সালে নেত্রকোনা সদর থানায় মামলা হয়েছিলো। অভিযোগের প্রমাণ না পেয়ে তাদের বাদ দিয়ে ১৯৭৩ সালে তৎকালীন ওসি সিদ্দিকুর রহমান আদালতে অভিযোগপত্র দিয়েছিলেন।
মুক্তিযুদ্ধের সময় তারা দুজন ছোট ছিলেন বলেও দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24