ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনে বুধবার সন্ধ্যায় আসা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক করেছে র্যাব।
একই সঙ্গে নয়টি মাইক্রোবাস, একটি ট্যাক্সি ক্যাব আটক এবং ১৫জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদস্যরা রাজধানীর বনানী স্টেশন থেকে এই কাপড় আটক করে।
র্যাব-১ এর অপারেশন অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলকাতা থেকে আসা মৈত্রী ট্রেনটি বুধবার সন্ধ্যায় বনানী রেল স্টেশনে থামে। ট্রেন থেকে নামানো হয় বিপুল পরিমাণ ভারতীয় কাপড়।
এই কাপড় নেওয়ার জন্য স্টেশনে আগে থেকেই অবস্থান করছিলো নয়টি মাইক্রোবাস ও একটি ট্যাক্সি ক্যাব।
ট্রেন থেকে নামানো ভারতীয় কাপড় মাইক্রোবাসে উঠানোর সময় র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।
ইলতুৎমিশ জানান, অভিযানের সময় কাপড়গুলোর বৈধ কাগজ দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।
কাপড়গুলো মধ্যে শাড়ি, থ্রীপিস, ছোটদের জন্য তৈরি পোশাক রয়েছে।
গ্রেপ্তারকৃতরা কেউ কাপড় ব্যবসায়ী, কেউ দালাল বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৩৫৫ ঘ.
bdnews24