২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকার কাজ করছে'

বিদ্যুত খাতের উন্নয়নে সরকার সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিগগিরই কয়লানীতি চূড়ান্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 06:12 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুত খাতের উন্নয়নে সরকার সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিগগিরই কয়লানীতি চূড়ান্ত করা হবে। বুধবার রাজধানীর মতিঝিলে 'অলটারনেটিভ এনার্জি সোর্সেস ফর পাওয়ার জেনারেশন' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি (ডিসিসিআই) এ সেমিনারের আয়োজন করে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুত খাতের উন্নয়নে সরকার একটি পরিকল্পনামাফিক কাজ করছে। আগামী ২০১২ সালের মধ্যে এ সমস্যার অনেকটা সমাধান হবে। এজন্য বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে বিকল্প জ্বালানির ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান উপদেষ্টা। বিকল্প উৎস তথা সৌর শক্তি থেকে বিদ্যুতের চাহিদা পূরণে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্সিং ফাণ্ডের অর্থ বাড়ানো হবে বলে জানান তিনি। গ্যাস সংকট সমাধান প্রসঙ্গে তিনি বলেন, বিদেশ থেকে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্যাস সংকট কিছুটা কমবে। ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, শিগগির কয়লা নীতি চুড়ান্ত করতে হবে। পাশাপাশি এলএনজি আমদানি করে শিল্প কারখানায় গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে আরো বক্তব্য দেন ডিসিসিআই পরিচালক নেসার মাকসুদ খান, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. চৌধুরী কামরুজ্জামান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ড. ফরিদ উদ্দিন আহমেদ, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ খান, ডিসিসিআই'র প্রাক্তন সভাপতি এ এস এম কাসেম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২৩৫০ ঘ.