২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গুলিতে দুজন আহত, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি আবাসিক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 04:59 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি আবাসিক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গুলিবিদ্ধ সালমা বেগম (৪০) ও আনোয়ার হোসেনকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আমিন আবাসিক এলাকার জাফর মিয়ার বাসার পঞ্চমতলায় সালমা বেগমের ফ্ল্যাটে আমোদ ফূর্তি হচ্ছিলো। মদ পান করে বেসামাল অবস্থায় তিন ব্যক্তি সালমাকে গুলি করে। গুলি তার গালে লাগে। ঘটনার এক পর্যায়ে এলাকাবাসী ধাওয়া করলে এলোপাথাড়ি গুলি ছোড়ে তারা। এতে আনোয়ার হোসেন নামের এক পথচারী গুলিবিদ্ধ হন। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ঘটনার ৫ ঘন্টার পর বুধবার ভোরে শহরের খানপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তিন রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার। এরা হলেন- মীর রাসেল (৩০), হানিফ (৩২) ও আলম (২৯)। তাদের বাড়ি শহরের হাজীগঞ্জ ও পানির কল এলাকায়। তিনি জানান, পুলিশ সালমার মেয়ে ইভাকেও (২২) গ্রেপ্তার করেছে। পুলিশ আরো জানিয়েছে, ইভা স্থানীয় একটি পত্রিকার বন্দর প্রতিনিধির স্ত্রীর পরিচয়ে ফ্ল্যাটটি ভাড়া নেন। তার বিরুদ্ধে পতিতা বৃত্তির অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৮ ঘ.