নওগাঁ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ থানা পুলিশ।
বুধবার দুপুরে জেলার আত্রাই উপজেলার পাঁচুপুর বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার করা ইয়ানুচ আলী ফাঁসি হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, লুটপাটসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
আত্রাই থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ২০০৪ সালের এপ্রিল মাসে আত্রাই-রানীনগর উপজেলায় জেএমবি'র সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে সর্বহারা নির্মূলের নামে তাণ্ডব চালানোর সময় ইয়ানুচ তার সহযোগী হিসেবে কাজ করেছেন।
ওসি জানান, জেএমবির এই সদস্য এলাকায় অপহরণ ও চাঁদাবাজির মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিলেন। বাংলা ভাই'র ফাঁসির পর থেকে ইয়ানুচ গা ঢাকা দেন।
তিনি জানান, উপজেলার মধ্যগুরনই গ্রামের জেকের আলীর ছেলে ইয়ানুচ মাঝে মাঝে এলাকায় এসে জেএমবি সদস্যদের সংঘবদ্ধ করার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে খবর ছিলো।
আত্রাই থানায় ইয়ানুচের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটের তিনটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24