ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ফুটপাত থেকে উচ্ছেদের প্রতিবাদে সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে একদল হকার।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হকাররা নবীনগর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর কালিয়াকৈর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ এসে লাঠিচার্জের ভয় দেখালে সাতটার দিকে রাস্তা ছেড়ে দেয় হকাররা।
আশুলিয়া থানার উপপরিদর্শক আব্দুস সাত্তার বলেন,"হকাররা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।"
অবরোধে অংশ নেওয়া আবুল হাসান শান্ত নামে এক হকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৮ অগাস্ট সাভারের নবীনগর সেনানিবাস মার্কেটের ব্যবসায়ী সমিতির লোকজন মার্কেটের আশপাশের এলাকা থেকে প্রায় ৬০০ হকারকে উচ্ছেদ করে। বিষয়টি নিষ্পত্তি করতে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নবাব হোসেন নামে এক হকার মার্কেট এলাকায় গেলে তাকে ব্যবসায়ী সমিতির লোকজন পিটিয়ে রক্তাক্ত করে। এতে বিক্ষুব্ধ হকাররা রাস্তায় নেমে পড়ে। এ সময় তারা রাস্তায় ইট ফেলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
আহত নবাব হোসেনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানিয়েছেন, অবরুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে হকাররা তাদের দাবি-দাওয়ার বিষয়ে শ্লোগান দিচ্ছিল।
তারা নবাবের উপর হামলার বিচার এবং উচ্ছেদকৃত ফুটপাতে আবারো বসতে দেওয় পুনরায় ব্যবসায়ের সুযোগের দাবি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/২০৪০ঘ.
bdnews24