২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গভীর রাতে বিদ্যুৎ কার্যালয়ে হামলা-ভাংচুর

বিদ্যুতের দাবিতে মঙ্গলবার গভীর রাতে নারায়ণগঞ্জে বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুতের দাবিতে মঙ্গলবার গভীর রাতে নারায়ণগঞ্জে বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শহরের মন্ডলপাড়ায় বিদ্যুৎ কার্যালয়ে এই হামলার সময় পুলিশের সঙ্গে জনতার দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বুধবার ভোর ৪টা পর্যন্ত চলা এই সংঘর্ষে আহত হয়েছে ১০ পুলিশ সদস্যসহ অর্ধশত। বিক্ষোভকারীরা ৩টি গাড়ি ভাংচুর করে। আগুন ধরিয়ে দেয় বিদ্যুৎ কার্যালয়ের মইয়ে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ও ১১ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করতে হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে অতিষ্ঠ শহরের দক্ষিণ-পশ্চিমপ্রান্তের বাবুরাইল, পাইকপাড়া, বেপারীপাড়া, নয়াপাড়া, বউবাজার, ভূঁইয়াপাড়াসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ রাত দেড়টার দিকে খণ্ড খণ্ড মিছিল বের করে। এক পর্যায়ে তারা শহরের মণ্ডলপাড়ায় বিদ্যুৎ উপকেন্দ্রের কার্যালয়ে হামলা চালায় ও ভাংচুর করে। মারধর করে কেন্দ্রের অভিযোগ গ্রহণকারী কর্মচারী বোরহানকে। বিক্ষুদ্ধ এলাকাবাসী নারায়ণগঞ্জ পৌরসভার গ্যারেজে ঢুকে দুটি গাড়ি ও পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। তারা বিদ্যুৎ কার্যালয়ের ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে আসবাবপত্র, জানলার গ্লাস ভাংচুর করে। একটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। দুটি মই আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মীরা ভয়ে পালিয়ে যায়। হামলাকারীরা মণ্ডলপাড়া এলাকায় ট্রাক ভাংচুরের চেষ্টা করে। এসময় টহল পুলিশ বাধা দিলে বিক্ষুদ্ধ জনতা তাদের ধাওয়া করে। পরে পুলিশ লাইন থেকে আরো পুলিশ সদস্যকে ঘটনাস্থলে তলব করা হয়। তারা ঘটনাস্থলে আসার পর বিক্ষুদ্ধ জনতা বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শহরের মণ্ডলপাড়া ও জিমখানা এলাকায় প্রথমে সংঘর্ষ শুরু হলেও পরে তা বাবুরাইল, পাইকপাড়া, বউবাজার, নয়াপাড়া, ভূঁইয়াপাড়া এলাকায় ছড়িয়ে পড়ে। পুরো এলাকায় পরিণত হয় রণক্ষেত্রে। খণ্ড খণ্ড সংঘর্ষ চলে এসব এলাকায়। সংঘর্ষে নারায়ণগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গুলজার, এসআই নজরুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল, কনস্টেবল দুলাল, আবুবক্কর, হাবিলদার আব্দুল মজিদসহ ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের উপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ মডেল থানার এএসআই আমিনুল ইসলাম গ্রেপ্তার হওয়া ১১ জন ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। অন্যদিকে মন্ডলপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রের হামলা ও ভাংচুরের ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সহকারী ব্যবস্থাপক মনিরুজ্জামান বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরো একটি মামলাটি করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- আউয়াল (২৩), জসীম (২৩), সজীব (২৪), সামাউল (১৮), বাবুল (২৪), হেলাল শেখ (১৮), আনোয়ার (২০), মিলন (১৪), মামুন (১৮) ও মরণ (১৮)। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের বলেন, "ঘটনাটি শুধু ক্ষোভ নাকি পূর্ব পরিকল্পিত এটি আমরা খতিয়ে দেখছি। কারণ রাত দেড়টায় এতো লোকের সমাগম কিভাবে ঘটলো তা প্রশ্ন সাপেক্ষ।" এলাকাবাসী জানিয়েছে, শহরের ১ নম্বর ও ২ নম্বর বাবুরাইল, বেপারীপাড়া, ভূঁইয়াপাড়া, জল্লারপাড়, খানকা রোড, দেওভোগ পাক্কারোড, নাগবাড়িসহ বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে চলছে তীব্র বিদ্যুৎ বিভ্রাট। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎ চলে যায়। আসে বিকেল সাড়ে ৫টায়। আবার সন্ধ্যায় সাড়ে ৬টা থেকে রাত পৌনে তিনটা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না। মণ্ডলপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রের কার্যালয়ে অভিযোগ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। কখনও জানানো হয় ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। আবার কখনো জানানো হয় তার ছিঁড়ে গেছে। উপকেন্দ্রটির কর্মচারী আব্দুল বাতেন বলেন, "আমাদের কেন্দ্র থেকে ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় না। এখান থেকে শহরের ডিআইটি, টানবাজার, নয়মাটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এলাকাবাসী ভুল বুঝে আমাদের অফিসে হামলা চালিয়েছে।" এ ব্যাপারে ডিপিডিসির নারায়ণগঞ্জ অঞ্চলের (পশ্চিম) ব্যবস্থাপক মাহমুদুল হক বলেন, "মঙ্গলবার রাত ৯টা থেকে লাইনের ত্র"টি দেখা দেওয়ায় মূলত ওইসব এলাকায় সমস্যা শুরু হয়। আমরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করি। আমি নিজে কাজের তদারকি করি। এলাকার লোকজনও আমাদের সঙ্গে ছিলো। "সারারাত কাজ করার পর ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমাদের কাজের ক্ষেত্রে কোন গাফলতি ছিলো না।" এদিকে শহরের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.