ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদেশিদের 'প্রেসক্রিপশনে'র পরিবর্তে দেশের মাটির উপযোগী পরিবেশবান্ধব বনায়ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতি এ আহ্বান জানান তিনি।
কেনিয়া ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রোফরেষ্ট্রি রিসার্চ (আইসিআরএএফ) এর সহযোগিতায় ব্র্যাক 'বাংলাদেশে কৃষিবনায়ন উন্নয়ন: অগ্রগতি, চ্যালেঞ্জ ও সমস্যা' শীর্ষক এ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, "বিদেশিদের প্রেসক্রিপশনে নয়, দেশের মাটির উপযোগি বনায়ন কর্মসূচি হাতে নেন। তাদের দেওয়া প্রেসক্রিপশনে লাগানো গাছ দেশের পরিবেশও রক্ষা করবে না, জমির উর্বরতা (নিউট্রিশন) বাড়বে না।"
"বিদেশি ইউক্যালিপটাস গাছ যে বাড়িতে লাগানো হয় তার আশপাশের গাছের ফলও নষ্ট হয়ে যায়। এ ধরনের গাছ দিয়ে তো পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।" বলেন কৃষিমন্ত্রী।
জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমি কমে যাচেছ উল্লেখ করে তিনি বলেন, " এ পরিস্থিতিতে বনায়নের জন্য কে জমি দেবে।"
তবে দেশের দক্ষিণাঞ্চলে জেগে উঠা চরে এ ধরণের বনায়ন কর্মসূচি চালু করা যেতে পারে বলে জানান তিনি।
ঘনবসতিপূর্ণ এ দেশে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন কঠিন মন্তব্য করে তিনি বলেন, "বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী তো বনায়ন কর্মসূচি হাতে নিলে চলবে না। বিনা পয়সায় আলকাতরা খেতে দিলে প্রস্তুত হয়ে যাবো- তা তো হতে পারে না।"
বাংলাদেশকে দেখিয়ে বিদেশ থেকে টাকা আনেন আপনারা (এনজিওরা)। তাই দেশের স্বার্থও আপনাদের দেখা উচিত। মন্তব্য মতিয়া চৌধুরীর।
"কয়েক বছর আগে রাজশাহী অঞ্চলে রেশম চাষের প্রকল্প নিয়েছিল ব্র্যাক। তা সফল হয়নি। তাই বনায়ন কর্মসূচি হাতে নেওয়ার আগে এসব বিষয় ভেবে দেখতে হবে।"
একাশিয়া গাছ অ্যাজমা রোগ সৃষ্টি করে একথা জেনেও দেশে এ গাছ লাগানো হচ্ছে। বনায়নের ক্ষেত্রে এসব গাছের পরিবর্তে দেশিয় কাঁঠাল, জাম, আম গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
একই সঙ্গে ধঞ্চে গাছ লাগানোরও পরামর্শ দেন তিনি।
বনায়ন কর্মসূচির নামে এনজিওরা রাস্তার দুইপাশ দখল করে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, "এভাবে তো চলতে পারে না। জনগণের সমস্যা সমাধানে আপনাদের কাজ করা উচিত।'
ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, "কর্মসংস্থান, পরিবারের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কৃষিবনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
"আইসিআরএএফ উদ্ভাবিত নতুন প্রজাতির বৃক্ষ নিয়ে গবেষণার মাধ্যমে বাংলাদেশে বনায়ন কর্মসূচি গ্রহণ করতে চায় ব্র্যাক।"বলেন মাহবুব।
কর্মশালায় বক্তব্য দেন বিশ্ব কৃষিবনায়ন কেন্দ্রের মহাপরিচালক ডেনিস গ্যারিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান আকন্দ, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুদ্দিন আজাদ চৌধুরী প্রমুখ।
বিডিনিউজনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/১৯৩৩ঘ.
bdnews24