২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে নারায়ণগঞ্জে রাতভর বিক্ষোভ, সংঘর্ষ

বিদ্যুতের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষুদ্ধ গ্রাহকরা মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের মন্ডলপাড়া বিদ্যুত কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 06:12 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষুদ্ধ গ্রাহকরা মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের মন্ডলপাড়া বিদ্যুত কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে। বিক্ষুব্ধ জনতা এই সাবস্টেশন কার্যালয়ের এক কর্মচারীকে মারধর করে। এসময় পুলিশের সঙ্গে জনতার দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। তাদের মধ্যে একজন এসআইসহ ১০ পুলিশ সদস্য রয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত আড়াইঘন্টা দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫০ রাউন্ড শর্টগানের গুলি ও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, বিদ্যুতের দাবিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের দক্ষিণ-পশ্চিমপ্রান্তের বাবুরাইল, পাইকপাড়া, বেপারীপাড়া, নয়াপাড়া, বউবাজার, ভূঁইয়াপাড়া এলাকার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা খন্ড খন্ড মিছিল নিয়ে মন্ডলপাড়ায় বিদ্যুতের সাবস্টেশন কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। ওসি জানান, এক পর্যায়ে তারা ওই কেন্দ্রের অভিযোগ গ্রহণকারী কর্ম বোরহানকে মারধর করে। বিক্ষুদ্ধ গ্রাহকরা মন্ডলপাড়া এলাকায় সড়কে রাখা ট্রাক ভাংচুরের চেষ্টা করে। টহল পুলিশ তাদের বাধা দিলে জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত আড়াইঘন্টা ধরে শহরের মন্ডলপাড়া ও জিমখানা এলাকায় সংঘর্ষ চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫০ রাউন্ড শর্টগানের গুলি ও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে এক এসআই, হাবিলদারসহ ১০ পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছে। এলাকাবাসীরা বলেছেন, প্রতিদিন ঘন্টায় ঘন্টায় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচন্ড গরমে রাতে বিদ্যুৎ না থাকায় ঘুমানো যায় না। বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। ওসি আকতার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২১১ ঘ.