বরিশাল, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে মদ্যপান করে গত তিনদিনে চারজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে আছে আরো তিনজন।
অতিরিক্ত মদপানের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত রোববার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা আতাহার খান (৬৫), তার ছোট ভাই খলিল খান (৪০), ধান গবেষণা ইনস্টিটিউট রোডের মোহাম্মদ আলী (৪০) ও নুরিয়া স্কুল এলাকার শওকত হোসেন দিপু (৪০)।
অসুস্থ তিনজন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এরা হলেন- রিফিউজি কলোনীর ভ্যানচালক নুরুল ইসলাম, ছোটকা ও চাঁদমারী বস্তির আলো মিয়া। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কোতয়ালি মডেল থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, গত তিনদিনে চারজন মারা গেছেন। পরিবারের সদস্যরা তাকে জানিয়েছে তাদের সকলেই মদ্যপান করতেন।
রিকশাচালক আতাহার খানের স্ত্রী ছালেহা বেগম পুলিশকে বলেছেন, তার স্বামী নিয়মিত মদ পান করতেন। মঙ্গলবার সকাল ৭টায় অসুস্থ হয়ে পড়লে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাতে তার ছোট ভাই খলিল খান বাসায় মারা যান। তার স্ত্রী হেলেনা বেগম জানান, তিনিও নিয়মিত মদ পান করতেন।
স্থানীয় একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী শওকত হোসেন দিপু'র বাবা এনছান আলী জানান, দিপু মদ পান করতেন। রোববার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান।
একই রাতে অসুস্থ হয়ে মারা যান ধান গবেষণা ইনস্টিটিউট রোডের মোহাম্মদ আলী। তিনি নগরীর বাংলা বাজার এলাকায় রিকশা ও সাইকেল সারাইয়ের কাজ করতেন।
ওই এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, মোহাম্মদ আলী মদ পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বাসায় তার মৃত্যু হয় বলে তারা জানিয়েছেন।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মো. হাবিব উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে মদ পান করায় তাদের হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24