২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ট্রেনের ধাক্কায় মা-শিশু আহত

বনানীর কাকলী মোড় সংলগ্ন রেল ক্রসিংয়ে সোমবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় শিশু সন্তানসহ এক নারী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 05:33 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বনানীর কাকলী মোড় সংলগ্ন রেল ক্রসিংয়ে সোমবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় শিশু সন্তানসহ এক নারী আহত হয়েছেন। আহত হয়েছেন- মাকসুদা বেগম (৩৫) ও তার ১০ মাস বয়সী মেয়ে তানজিনা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকসুদার অবস্থা আশঙ্কাজনক। নাসির উদ্দিন নামে এক পথচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নীচে সন্তানসহ ঝাঁপ দিয়ে মাকসুদা আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু তারা নিচে না পড়ে চলন্ত ট্রেনের ধাক্কায় দু'দিকে ছিটকে পড়ে। এ সময় মাকসুদার আট বছর বয়সী ছেলে নাজমুল পাশে দাঁড়ানো ছিল বলে তিনি জানান। নাজমুল জানায়, রোববার তার বাবা-মা ঝগড়া করেছেন। এরপর থেকে বাবা তাদের আর খোঁজ নেয়নি। মাকসুদা বেগমের স্বামীর নাম আশরাফ আলি। তেজগাঁও কুনিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তারা শুনেছেন। এর বেশি কোনো তথ্য তাদের কাছে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/জেবি/এইচএ/২৩০০ ঘ.