সাতক্ষীরা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর থানার এক কর্মকর্তা ও পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) স্টেনোর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সোমবার সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার দহাখুলা গ্রামের সেলিনা খাতুন।
বিচারক এ এইচ এম সামছুল আরেফিন মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা আনসার ভিডিপি কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান ও সাতক্ষীরার এসপি'র স্টেনো আব্দুর রফিক।
মামলার নথি থেকে জানা যায়, বাদী সেলিনা খাতুন গত ৮ এপ্রিল তার স্বামী মোহব্বত মীরের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বিচারক সাতক্ষীরা থানাকে নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান দায়িত্ব পাওয়ার পর এসপি'র স্টেনো রফিককে সঙ্গে নিয়ে বাদীর বাড়ি গিয়ে তার পক্ষে দেওয়ার কথা বলে চার লাখ টাকা 'ঘুষ' দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে ওই দুইজন আসামিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে বাদীর বিপক্ষে আদালতে মিথ্যা তদন্ত প্রতিবেদন দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৫ ঘ.
bdnews24