২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত খাতকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: অর্থমন্ত্রী

বিদ্যুত ও জ্বালানি খাতের দুরবস্থা কাটিয়ে উঠতে সরকার এ খাতকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুত ও জ্বালানি খাতের দুরবস্থা কাটিয়ে উঠতে সরকার এ খাতকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোসেন্টারে এক সেমিনারে তিনি এ কথা বলেন। 'বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: বঙ্গবন্ধুর দূরদর্শিতা' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। অর্থমন্ত্রী বলেন, "বিদ্যুত ও জ্বালানি খাতের উন্নয়নে অর্থায়নে কোনো সমস্যা হবে না। এ খাতের দুরবস্থা কাটিয়ে উঠতে সরকার চ্যালেঞ্জের সঙ্গে কাজ করছে।" সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের মধ্যে বিদ্যুতের বর্তমান দুরবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে।" ভাড়াভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপন ব্যয়বহুল উল্লেখ করে তিনি বলেন, "এ ধরনের বিদ্যুত কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুত বিল বেশি হবে। এক্ষেত্রে গ্রাহকদের বিল দেওয়ার সার্মথ্যও দেখতে হবে। তাই গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুতের চাহিদা পূরণে উদ্যোগ নিতে হবে।" বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবের দূরদর্শিতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি যেভাবে জ্বালানি খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন আমরাও সেভাবে কাজ করতে চাই।" বঙ্গুবন্ধুর দূরদর্শিতা ও প্রজ্ঞায় ১৯৭৫ সালের ৯ আগস্ট শেল অয়েল কোম্পানির কাছ থেকে তাদের মালিকানাধীন এ দেশের পাঁচটি গ্যাস ক্ষেত্র এবং তিতাস গ্যাস কোম্পানির শেয়ার ১৭ কোটি ৮৬ লাখ টাকায় কিনে নেওয়া হয় বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, "এ গ্যাস ক্ষেত্রগুলোর জন্য পরিশোধ করা অর্থ বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় ১৬৫ হাজার কোটি টাকা।" গ্যাস ক্ষেত্র পাঁচটি হলো-তিতাস, হবিগঞ্জ, কৈলাশটিলা, রশিদপুর ও বাখরাবাদ। সেমিনারে পেট্রোবাংলার (অপারেশন) পরিচালক মোল্লা মোহম্মদ মবিনুল হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, "১৯৭৫ সালে ক্রয় করা পাঁচটি গ্যাস ক্ষেত্রের মধ্যে তিতাস ও হবিগঞ্জের গাস ক্ষেত্র থেকে দৈনিক মোট ৬১ দশমিক ৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হতো। বর্তমানে পাঁচটি ক্ষেত্র থেকে দৈনিক প্রায় ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। যা দেশে মোট গ্যাস উৎপাদনের ৪৩ ভাগ।" সেমিনারের আরো বক্তব্য দেন- বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. এনামুল হক, একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, বিদ্যুত সচিব মো. আবুল কালাম আজাদ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, পরিচালক (অর্থ) মো. আতাউল হক মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২০০৩ ঘ.