২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ দিন পর পাঁচ শিশুর তিনটিকে ফেরত

ধরে নিয়ে যাওয়ার ১৭ দিন পর বাংলাদেশি পাঁচ শিশুর মধ্যে তিনটিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঠাকুরগাঁও, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধরে নিয়ে যাওয়ার ১৭ দিন পর বাংলাদেশি পাঁচ শিশুর মধ্যে তিনটিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দুপুর আড়াইটার দিকে পতাকা বৈঠক করে বিএসএফ এই তিন শিশুকে ফেরত দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) কাছে। গত ২৩ জুলাই সকাল ৭টার দিকে ঠাকুরগাঁও'র হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের বিলে পাতা জাল ও বড়শি আনতে গেলে বিএসএফ বাংলাদেশি পাঁচ শিশু-কিশোরকে ধরে নিয়ে যায়। এরা হলো- সালাউদ্দিন (১৫), পানিয়া (১৫), সেতাবুর (১০), মন্টু (৮) ও কালাম (১৩)। এদের মধ্যে সেতাবুর, মন্টু ও কালামকে জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত দিয়ে ফেরত দেওয়া হয়। এ সময় শিশুদের বাবা-মাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাকি দুজনের বিরুদ্ধে সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে ফেলার মামলা হয়েছে বলে বিএসএফ আপাতত তাদের ফেরত দিচ্ছে না বলে জানায় বিডিআর। বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ জানান, দিনাজপুর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের ১২০ ব্যাটালিয়নের কমান্ডেন্ট ডি কে মণ্ডল ও সহকারী কমান্ডেন্ট সুনীল বররা এবং বিডিআরের পক্ষে দিনাজপুর ২ রাইফেলস ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন। সালাউদ্দিন ও পানিয়া প্রাপ্তবয়স্ক। তাদের বিরুদ্ধে কাঁটা তারের বেড়া কাটার মামলা হয়েছে বলে বিএসএফ'র বরাত দিয়ে বিডিআর কর্মকর্তা জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার ভারতের একটি আদালতে শিশুদের হাজির করা হলেও ওইদিন শুনানি না হয়ে ১০ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য হয়। কিন্তু বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে পরদিন শুক্রবার শুনানি হয় এবং বিশেষ ব্যবস্থায় এই তিন শিশুকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। এদিকে একই সময় ভারতে তিন বছর ধরে কারাবন্দি কৃষ্ণ (১২) ও অনিমা (১০) নামের দুই শিশুকেও ফেরত দিয়েছে বিএসএফ। এ ব্যাপারে কর্নেল সালেহ আহমেদ বলেন, ভারতে অনুপ্রবেশের অভিযোগে সাজা ভোগ শেষে গদ জুন মাসে ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর গ্রামের মদন মোহন ও তার স্ত্রী মালতি রানী মুক্তি পান। তাদের দুই সন্তান সরকারি তত্ত্বাবধানে থাকায় তাদের পরে হস্তান্তর করা হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮১৪ ঘ.