২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন ময়দানে খালেদা

গণমিছিলে নেতৃত্ব দিতে সোমবার বিকাল সোয়া ৫ টার দিকে পল্টন ময়দানে এসে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে নেতৃত্ব দিতে সোমবার বিকাল সোয়া ৫ টার দিকে পল্টন ময়দানে এসে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় কর্মী-সমর্থকদের তুমুল করতালির মধ্যে তার গাড়িবহর মাঠে প্রবেশ করে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডামের সংক্ষিপ্ত বক্তব্যের পরপরই গণমিছিল শুরু হবে।'' তিনি জানান, মিছিলটি স্টেডিয়ামের পূর্ব গেইট দিয়ে রাজউক এভিনিউ, ফকিরের পুল মোড়, নয়া পল্টন সড়ক, কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। দুপুর ২ টা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল পল্টন ময়দানে আসতে শুরু করেছে। নানা রঙের ব্যানার ফেষ্টুন ও ব্যান্ড সঙ্গীত দল নিয়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মহানগর ও অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পল্টন ময়দায় জনসমাবেশে পরিণত হয়। এদিকে গণমিছিলকে কেন্দ্র করে পল্টন ময়দান ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১৩ দফা দাবি আদায়ে এই গণমিছিল করছে বিএনপি। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধান, আইনশৃঙ্খলার অবনতি রোধ, কারাবন্দি নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রশসান দলীয়করণ রোধ, সাংবাদিক নির্যাতন রোধ, খুন-গুম-গুপ্ত হত্যা এবং বিচারবিভাগের ওপর হস্তক্ষেপ বন্ধ, নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে জনসমক্ষে হাজির করা, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল ও ট্রানজিটের নামে করিডোর প্রদান বন্ধ করা। একই দাবিতে গত ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। এরপর গত দেড় মাসে কয়েকটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে তারা। বিএনপি গত ২৫ জুলাই পল্টন ময়দানে গণঅনশনের কর্মসূচির ঘোষণা দেয়। তবে জাতীয় ক্রীড়া পরিষদ অনুমতি না দেওয়ায় ওই কর্মসূচি বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৭২৪ ঘ.