২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ আগস্ট জ্বালানি নিরাপত্তা দিবস

প্রতি বছর ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 09:19 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি বছর ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার সোমবারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৯৭৫ সালের ৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার বিদেশী তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান শেল পেট্রোলিয়াম কোম্পানির কাছে থেকে তাদের মালিকানাধীন পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে নেন। এসব গ্যাস ক্ষেত্র হচ্ছে- তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাশটিলা ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্র। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হকের প্রস্তাবে মন্ত্রিসভায় এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। মন্ত্রিসভার বৈঠক শেষে আবুল কালাম আজাদ ব্রিফিংয়ে জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের গ্যাস ক্ষেত্রে বাংলাদেশের কোন মালিকানা ছিল না। বঙ্গবন্ধুর সরকার ৭৫ সালে পাঁচটি গ্যাসক্ষেত্র চার দশমিক ৫০ মিলিয়ন পাউন্ড স্টার্লিং (১৭ কোটি ৮৬ লাখ টাকা) দাম দিয়ে কিনে নেয়। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ দিবসটিকে যুগান্তকারী ও মাইলফলক হিসেবে মন্ত্রিসভার বৈঠকে উল্লেখ করা হয়। সভায় প্রধানমন্ত্রী আসন্ন রমজান মাস উপলক্ষে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আগাম শুভেচ্ছা জানান এবং রমজানে গ্যাস ও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়াও সভায় গত ৪ থেকে ৮ জুলাই নাইজেরিয়ায় ডেভেলপিং-৮ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং চীনের এশিয়া মিডিয়া সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে অবহিত করা হয়। সভায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) (সংশোধন) আইন, ২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও কৃষি মন্ত্রীর প্রস্তাবে তা প্রত্যাহার করা হয়। এ আইনটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানান প্রেস সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫১৩ ঘ.