গাজীপুর, অগাষ্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় রোববার রাতে মাদক বিক্রির সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল কাদির (৪৫), আক্তার হোসেন (৩৯) , আব্দুর রাজ্জাক (৪০) ও মাহবুব (২৪)।
শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০ পুরিয়া গাঁজা ও ২৫ লিটার দেশী মদ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১১টার দিকে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও দেশি মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাদের গাজীপুরে আদালতে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩৩০ ঘ.
bdnews24