সাতক্ষীরা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় স্কুলছাত্রী আসমা খাতুন হত্যার বিচারসহ তিন দফা দাবি জানিয়েছে স্থানীয় একটি নাগরিক সংগঠন।
রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নারী নির্যাতন প্রতিরোধ ও আসমা হত্যার বিচার বাস্তবায়ন কমিটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমান এসব দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার, দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিশেষ ট্রাইব্যুনালে বিচার।
গত ১৫ জুন নিজ গ্রাম তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামে বখাটেদের হামলার শিকার হয় ওই এলাকার জে এন এ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আসমা।
তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায় বখাটেরা।
এ ঘটনায় আরমান ওরফে শরবত, আনিস নিকারী, কালাম নিকারী, হাফিজুর ও জাহিদুল মোড়লকে আসামি করে একটি মামলা হয়েছে।
২১ জুন তালা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। তারা আসমার হত্যকারীকে গ্রেপ্তার ও বিচারে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে প্রশাসনকে একটি স্মারকলিপি দেয়।
সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসমার বাবা হানিফ মোড়ল হাউমাউ করে কেঁদে উঠেন।
তিনি বলেন, মামলা তুলে নিতে তার পরিবারকে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নামেও তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
আসমার মা ফাতেমা বেগম বলেন, দুই মেয়ে হালিমা ও লিমাকে নিয়ে এখন তারা দুশ্চিন্তায় আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৩ ঘ.
bdnews24