কক্সবাজার, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ স্থলবন্দরের মালামাল পরিবহনে ট্রাকের সিরিয়াল প্রথা চালুসহ পাঁচদফা দাবি মেনে না নিলে ১৭ অগাস্ট থেকে ধর্মঘটে যাবে কক্সবাজার ট্রাক মালিক শ্রমিক যৌথ ঐক্য পরিষদ।
কক্সবাজার-টেকনাফ সড়ক ও কক্সবাজার জেলাসহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম এ ধর্মঘটের আওতায় থাকবে।
রোববার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এ ঘোষণা দেন।
তাদের দাবিগুলো হল- টেকনাফ স্থলবন্দরে ট্রাকে মালামাল পরিবহনে আগের সিরিয়াল প্রথা চালু, মালিক শ্রমিক যৌথ ঐক্য পরিষদের টেকনাফ কার্যালয় স্থানীয় প্রভাবশালীদের জবরদখল থেকে উদ্ধার করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে হস্তান্তর, মালিক শ্রমিকদের আদায় করা লেভির টাকা আত্মসাৎকারীদের হাত থেকে উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, কক্সবাজার শহরকে যানজটমুক্ত করতে জেলা আরটিএ'র সিদ্ধান্ত বাস্তবায়ন ও শহরের আইবিপি মাঠে মালামাল লোড-আনলোড পয়েন্ট জবরদখলকারীদের হাত থেকে উদ্ধার এবং মহেশখালীতে রেজিস্ট্রি বাতিল করা সংগঠনের অবৈধ কার্যক্রম বন্ধ ও পরিবহনে বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
সংবাদ সম্মেলনে পরিষদ নেতারা বলেন, টেকনাফের একটি প্রভাবশালী মহল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর টেকনাফ স্থলবন্দরের মালামাল পরিবহনে চালু থাকা সিরিয়াল প্রথা বাদ দিয়ে নিজেদের গাড়িরই সিরিয়াল দিয়ে বিশৃঙ্খলা শুরু করে।
কক্সবাজার ট্রাক মালিক শ্রমিক যৌথ ঐক্য পরিষদের আহবায়ক ও জেলা ট্রাক মালিক গ্র"পের সভাপতি নঈমুল হক চৌধুরী বলেন, জাফর আহমদ চেয়ারম্যানের নেতৃত্বাধীন একটি প্রভাবশালী চক্র টেকনাফের বাইরের মালিকদের ট্রাকগুলোকে সিরিয়াল বঞ্চিত করছে।
এই চক্রটি বিভিন্ন সংগঠনের নামে নেওয়া চাঁদাও (তাদের ভাষায় লেভি ফিস) আত্মসাৎ করেছে বলে সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কক্সবাজার ট্রাক মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম সাঈদী, জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোস্তাক আহমদ, জেলা ট্রাক মালিক গ্র"পের সাধারণ সম্পাদক এন্তাফিজুর রহমান, ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক জহির উল্লাহ ও কক্সবাজার ট্রাক মিনিট্রাক (পিক-আপ) শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মুফিজুর রহমান।
তারা সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দাবিগুলো উল্লেখ করে স্মারকলিপি দিয়েছেন।
জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, "আমরা সকলের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।"
রমজানে এ ধরনের কর্মসূচিতে না যাওয়ার অনুরোধ করেছেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24