২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুড়েছে দোকান, গাইবান্ধায় বসতঘর

ভোলার চরফ্যাশন বাজারে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার চরফ্যাশন বাজারে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে দমকলকর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আগুন লেগে ১৬টি মৎস্যজীবি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। শনিবার দিবাগত রাতে এ দুটি আগুনের ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানিয়েছেন। ভোলা: দৌলতখান নামে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে কাপড়, টেলিফোন, সুতা, ওষুধসহ ১৭টি দোকান পুড়ে গেছে। এছাড়া আরো ১০-১২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী জানান, শনিবার ছিলো হাটবার। হাট ভাঙ্গার পর রাত ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে চরফ্যাশন ও লালমোহন দমকল বাহিনী এসে প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। মনির উদ্দিন চাষী সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন দাবি করেন। চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল করিম বলেন, বাজারের আশপাশের পুকুরগুলোতে ময়লা আবর্জনা থাকায় পানি তুলতে তাদের বেগ পেতে হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তিনি জানান, আগুন নেভানো সময় দমকলকর্মীসহ ২৫ জন আহত হয়েছে। তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনের সময় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন সহায়তা করার আশ্বাস দেন। গাইবান্ধা: সাদুল্লাপুর উপজেলার মহিষবান্দি গ্রামে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডে ১৬টি পরিবারের অন্তত ৩০টি বসতঘর পুড়ে গেছে। দমকল বাহিনী রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনে সূত্রপাত। তিনি আরো জানান, আগুনে ওই ১৬ মৎস্যজীবি পরিবার মাছ ধরার জালসহ সবকিছু হারিয়ে পথে বসেছে। তাদের সহায়তা অর্থ বরাদ্দের জন্য ত্রাণ মন্ত্রাণলায়ে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.