নোয়াখালী, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ে (ম্যাটস্) দুই দল ছাত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
ছাত্রবাসের খাবার নিয়ে রোববার এই সংঘর্ষের পর প্রতিষ্ঠানটি ১৫ অগাস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রবাস ত্যাগ করতে বলা হয়।
ম্যাটস্ অধ্যক্ষ ডা. আবদুল কাদের বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিল জরুরি সভা করে প্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে।
সভায় ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও তিনি জানান।
আহত শিক্ষার্থী আবদুর রহমান রিপন ও আশরাফুল হাসান জানান, গত কয়েক দিন ধরে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছিলো। এ নিয়ে খাবারের দায়িত্বে থাকা ছাত্রদের সঙ্গে সাধারণ ছাত্রদের একাধিক বার কথা কাটাকাটিও হয়েছে।
শনিবার বিষয়টি নিয়ে তৃতীয়বর্ষের এক ছাত্র খাবারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রহমত উল্লাহ নয়নের সঙ্গে কথা বলতে গেলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
এর জের ধরে শনিবার বিকাল ও রোববার সকালে দ্বিতীয়বর্ষের ছাত্র নয়ন, সৈকত, রুবেল, তৃতীয়বর্ষের ইকবাল, সবুজ এবং প্রথমবর্ষের কাউসার, বুলবুলের নেতৃত্বে একদল ছাত্র রড ও হকিস্টিক নিয়ে সাধারণ ছাত্রদের কক্ষে ঢুকে তাদের বেধড়ক পেটায়।
এসময় তারা দরজা, জানালাসহ আসবাবপত্র ভাংচুর করে।
আহতদের মধ্যে প্রথমবর্ষের ছাত্র আশরাফুল হাসান ছাড়াও আয়াত উল্লাহ, আবদুর রহমান রুবেল, দ্বিতীয়বর্ষের মোতালেব হোসেন ও তৃতীয়বর্ষের আবদুর রব রিপনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া দ্বিতীয়বর্ষের শাকিল ও মামুনসনহ আহত অন্য ছাত্রেেদরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে বলে ম্যাটস্ কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24