২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনবেলা খাবারে হাজতী প্রতি বরাদ্দ ১০ টাকা

একজন হাজতীর তিনবেলার খাবারের জন্য বর্তমানে সরকারি বরাদ্দ মাত্র ১০টাকা। আহত কিংবা অসুস্থ হাজতীদের সাস্থ্যসেবা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থাও নেই পুলিশ হাসপাতালগুলোয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 03:53 PM

Updated : 25 Aug 2022, 05:43 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একজন হাজতীর তিনবেলার খাবারের জন্য বর্তমানে সরকারি বরাদ্দ মাত্র ১০টাকা। আহত কিংবা অসুস্থ হাজতীদের সাস্থ্যসেবা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থাও নেই পুলিশ হাসপাতালগুলোয়। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মতবিনিময় সভায় উঠে এসেছে এসব তথ্য। পুলিশ কর্মকর্তারা অভিযোগ করেন, কোন হাজতী মারা গেলে কোন তদন্ত ছাড়াই তার দায় চাপিয়ে দেওয়া হয় পুলিশের উপর। এতে পুলিশ ও তাদের পরিবার সমাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এটিও মানবাধিকারের লঙ্ঘন। ডিএমপি সদর দপ্তরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের সঙ্গে শনিবার সকালে এক মতবিনিময় সভায় নানা বিষয়ে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। সভায় পুলিশ কর্মকতারা কমিশনের চেয়ারম্যানের কাছে দেশে কর্মরত মানবাধিকার সংস্থাসমুহের সঠিক সংখ্যা জানতে চেয়ে বলেন, "তারা নানা ধরনের ধান্দাবাজীর সঙ্গে জড়িত। তারা পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে টাকা নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করে।" সভায় বক্তারা আরও বলেন, পুলিশ নিজেরাই তাদের মানবাধিকার পাচ্ছে না। তাদের বেতন ভাতা কম, থাকা-খাওয়ার জন্য নেই স্বাস্থ্যকর পরিবেশ। পুলিশের নিজের মানবাধিকারই যদি লঙ্ঘিত হয়, তাহলে পুলিশ অন্যের মানবাধিকার রক্ষা করবে কিভাবে। সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, "পুলিশকে তার দায়িত্ব পালনের জন্য অমানবিক পরিশ্রম করতে হয়, তারপরও তাদের চাকরিতে সুযোগ-সুবিধা কম দেওয়া হয়। কিন্তু তাই বলে পুলিশ অন্য পন্থা অবলম্বন করবে, এটিও সমর্থণযোগ্য নয়। কারণ আপনারা জেনেশুনেই এ চাকরিতে এসেছেন।" তিনি আরও বলেন, "পুলিশকে সব সময় সরকারের স্বার্থে ব্যাবহার করা হয়েছে। জাতীয় স্বার্থে পুলিশকে এ অবস্থা থেকে বের করে নিয়ে আসতে হবে।" ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, "১৮৬১ সালের পুলিশ অ্যাক্ট-এর মাধ্যমে পুলিশ বাহিনীকে নতজানু ও অসম্মানজনক করে গঠন করা হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশের গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে।" শুরুতেই পুলিশের এডিসি (অপরাধ ও নিয়ন্ত্রণ) এস এম মোস্তাক আহমেদ খান মানবাধিকার লঙ্ঘনের কারণ, এর প্রকৃত অবস্থা এবং পুলিশের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএএ/২১৫২ঘ.