২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষা প্রতিষ্ঠান থেকে জঙ্গি বিরোধী প্রতিরোধ গড়ে তুলুন'

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানবতাবিরোধী শক্তির বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 05:44 PM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানবতাবিরোধী শক্তির বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ধর্মের দোহাই দিয়ে যেন কেউ কোন ছাত্রকে জঙ্গিবাদের দিকে টেনে না নিতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সরকারি তিতুমীর কলেজ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে জঙ্গিবাদ বিরোধী 'জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "জঙ্গিবাদ সমগ্র জাতি তথা বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একে রুখে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি সচেতন জনগণ ও ছাত্রসমাজ। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে হবে।" শিক্ষামন্ত্রী আরো বলেন, "ধর্মের দোহাই দিয়ে এ সন্ত্রাস ও মানবতা বিরোধী কর্মকান্ডকে গ্রহণযোগ্য করে তোলা যাবে না। ধর্ম কখনো হত্যা, বোমাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রশ্রয় দেয় না।" "১৯৭৫ এর ১৫ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞ, পল্টনে জননেত্রী শেখ হাসিনার জনসভায় বোমা হামলা, যশোরে উদীচির অনুষ্ঠান, রমনার বটমূল, সিলেটে শাহজালালের দরগা, ময়মনসিংহ, একই দিনে সকল জেলায় বোমা হামলাসহ সব নারকীয় জঙ্গি হামলা বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।" বলেন তিনি। সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম জাফর হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: নোমান উর রশীদ, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনিস ফাতেমা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/২০১৮ঘ.