২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে বৈঠক প্রণবের

ভারতের সফররত অর্থমন্ত্রী প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 01:54 PM

Updated : 25 Aug 2022, 05:44 PM

প্রণব মুখার্জি শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান দেখা করতে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দু'দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আজাদ জানান, সাক্ষাতের সময় প্রণব মুখার্জি একশ কোটি ডলারের ঋণ চুক্তির বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন। শেখ হাসিনাও ভারতের অর্থমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানান। এছাড়া তাদের মধ্যে খাদ্য সংগ্রহ ও রেল যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান আবুল কালাম আজাদ। সন্ধ্যা সাতটা থেকে প্রায় ঘন্টাব্যাপী এই সাক্ষাত পর্বে আবুল কালাম আজাদ ছাড়াও আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহার রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এম এ করিম, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক করিম এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত রজিত মিত্র। এর আগে শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক টিসিএ রঙ্গনাথন এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ বিভাগের সচিব এম মোশাররফ হোসেন একশো কোটি ডলারের ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও প্রণব মুখার্জি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রণব এক সংক্ষিপ্ত সফরে শনিবার বিকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। অর্থমন্ত্রী মুহিত তাকে বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/এসএএ/২১১৭ঘ.