ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
এ জন্য প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ছাদে বসানো হয়েছে ১৫০ ওয়াটের একটি সৌর প্ল্যান্ট। এ প্ল্যান্ট থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে চার ওয়াটের চারটি বাল্ব আর একটি ফ্যান চলছে ।
শনিবার বিদ্যুতের এই সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
উপাচার্য বলেন, "সমগ্র পৃথিবীতে জ্বালানী সংকট দিনে দিনে তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। জ্বালানীই হয়ে উঠছে পরাশক্তিগুলোর শক্তি প্রতিযোগিতার উপলক্ষ।"
এ অবস্থায় বিকল্প জ্বালানী হিসাবে সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
অধ্যাপক আরেফিন সিদ্দিক দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আ ম ম শফিউল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান, ফলিত পদার্থ বিজ্ঞান, ত্বড়িত ও যোগাযোগ প্রকৌশল বিভাগের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ এম শামছুদ্দিন, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুরাইয়া পারভীন প্রমুখ।
অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসাবে সৌরশক্তি চালিত বিদ্যুৎ সরবরাহ পদ্ধতির উদ্বোধন করা হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে এই পদ্ধতি চালুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত সৌরশক্তি চালিত বিদ্যুৎ সরবরাহ শুরু হলো।
বাংলাদেশ সৌরশক্তি সমিতির সম্পাদক সাউফুল হক ও যুগ্ম সম্পাদক ড. হাবিবুর রহমান সোলার লাইটিং ডিজাইন ও স্থাপন করেন।
পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা।
অনুষদের ডিন অধ্যাপক শাহিদা রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী দিনে পুরো অনুষদকে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৯৩৮ঘ.
bdnews24