২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক নিয়ন্ত্রণ আইনকে আরো কঠোর করা হবে: আইনমন্ত্রী

তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে ভবিষ্যতে এ বিষয়ক আইনটিকে আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 09:48 AM

Updated : 26 Apr 2022, 01:18 AM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে ভবিষ্যতে এ বিষয়ক আইনটিকে আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 'তামাক নিয়ন্ত্রণ আইন, উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ন্যাশনাল টিউবারক্লোসিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নাটাব), ডব্লিউবিবি ট্রাস্ট এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মাহবুবুল আলম। প্রবন্ধে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দুর্বলতা তুলে ধরে আরো কার্যকর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় । পরে আইনমন্ত্রী বলেন, "তামাক নিয়ন্ত্রণে ২০০৫ সালে যখন বর্তমান আইনটি করা হয় তখন উদ্দেশ্যমুলকভাবে কিছু ফাঁক-ফোকর রেখে দেওয়া হয়েছিল। এতে তামাকজাত দ্রব্য উৎপাদন নিষিদ্ধের পরিবর্তে ধূমপানকেই কেবল নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে। পেছন দিক থেকে কেউ ওই আইনটির সংজ্ঞা তাদের স্বার্থে সংকীর্ণ করে ফেলেছে।" তিনি আরও বলেন, "ধূমপানের চেয়ে আমাদের দেশে অন্যান্য তামাকজাত দ্রব্য সেবনের পরিমানই বেশি। কিন্তু ওই আইনে এসব দ্রব্য সেবন নিয়ন্ত্রণে কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।" এসব দ্রব্য উৎপাদন, ব্যবহার ও নিয়ন্ত্রণে ভবিষ্যতে আরো কঠোর আইন করা হবে বলে জানান আইনমন্ত্রী। এদিকে অনুষ্ঠান শেষে ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধের এখতিয়ার নির্বাচন কমিশনের।" এর আগেও একটি সেমিনারে শফিক আহমেদ এ প্রসঙ্গে একই জবাব দিয়েছিলেন। নাটাবের সহসভাপতি মোজাফফর হেসেন পল্টুর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, বাংলাদেশ তামাক বিরোধী জোট-এর সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, নারী নেত্রী ফরিদা আক্তার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএএ/১৫৪৩ঘ.