ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
তারা জানিয়েছেন, এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ওপারে ভারতের আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি তাদের জানিয়েছেন। সে কারণে আখাউড়ায়ও কাজ হবে না।
শুক্রবার আখাউড়া স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, আগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক হাবুল বিশ্বাস তাদের এই বিষয়টি জানিয়েছেন।
হাবুল বিশ্বাস জানিয়েছেন- কয়দিন আগে আগরতলার একটি সিমেন্ট কারখানায় ট্রাক চাপায় এক শ্রমিক মারা যান। তার মৃত্যুতে শ্রমিক সংগঠনগুলো শনিবার শোক পালনের কর্মসূচি নিয়েছে। সে কারণে আগরতলা বন্দরে আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24