নাটোর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বড়াইগ্রামে একটি ইটভাটার ব্যবস্থাপককে ইট দিয়ে থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার মধ্যরাতে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মহাদেব চন্দ্র (৫৫) উপজেলার গড়মাটি এলাকার শুকুমার কুণ্ডুর মেসার্স কুণ্ডু ব্রিকস এর ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে।
বড়াইগ্রাম থানা পুলিশ জানায়, খবর পেয়ে শুক্রবার সকালে মহাদেবের লাশ উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইটভাটার নৈশপ্রহরী শহিদুল ইসলাম পিন্টুকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে পিন্টু পুলিশকে বলেছেন, ৫-৬ জন লোক পানি খাওয়ার কথা বলে ইটভাটার কার্যালয় কক্ষে প্রবেশ করেন। দুর্বৃত্তরা মহাদেবকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায়।
বাধা দিলে দুর্বৃত্তরা পিন্টুকে হাত-পা ও মুখ বেঁধে পাশের পাটের ক্ষেতে ফেলে রাখে। পরে মহাদেব চন্দ্রকে অন্য একটি জমিতে নিয়ে গিয়ে ইট দিয়ে থেঁতলে হত্যা করে।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর চিৎকার দিলে আশপাশের লোকজন পিন্টুকে উদ্ধার করে বড়াইগ্রাম থানায় খবর দেয়।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.
bdnews24