২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সেবিকাকে এসিড নিক্ষেপ

বগুড়ার শহরে এক সেবিকাকে তার সাবেক স্বামী এসিড ছুড়ে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 05:40 PM

বগুড়া, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শহরে এক সেবিকাকে তার সাবেক স্বামী এসিড ছুড়ে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে বগুড়া শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এই ঘটনা ঘটে। এসিডদগ্ধ মিথিলা আলম বগুড়া শহরের মালতীনগরের বাসিন্দা। তাকে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদ আলী হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. সামির হোসেন মিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসিড জাতীয় দাহ্য পদার্থে মিথিলার কাঁধ থেকে পিঠ ও কোমর পর্যন্ত ঝলসে গেছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত। আহত মিথিলা জানান, শহরের মফিজ পাগলার মোড়ে একটি ক্লিনিকে সেবিকা হিসেবে কাজ করেন তিনি। বৃহস্পতিবার রাতে ক্লিনিকে দায়িত্বপালন শেষে শুক্রবার সকালে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। সকাল ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় হঠাৎ করেই তার সাবেক স্বামী শহিদুল ইসলাম আরো কয়েকজন নিয়ে তাকে এসিড নিক্ষেপ করে। তিনি জানান, চিৎকার দিয়ে পাশের একটি বাসায় আশ্রয় নেওয়ার পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। মিথিলা আরো জানান, প্রায় দু'বছর আগে তার বিয়ে হয়েছিল বগুড়া শহরতলীর শিকারপুর এলাকার শহিদুল ইসলামের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায় তাকে মারধর করতেন শহিদুল। তিনি জানতে পারে শহিদুল মাদকাসক্ত। যৌতুকের জন্য ছেলে মোস্তাকিমকে মাত্র আড়াই মাস বয়সে একবার আগুনে পুড়িয়ে মারার চেষ্টাও করেছিলেন শহিদুল। এসব কারণে প্রায় দু'মাস আগে শহিদুলকে তালাক দিয়ে ছেলেকে নিয়ে শহরের মালতীনগরে বাবা-মা'র সঙ্গে থাকতে শুরু করেন। শহিদুলের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের মামলাও করনে। এরপর মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ দিতে থাকেন শহিদুল। বগুড়া সদর থানার উপপরিদর্শক মোস্তাফিজ এসিডে ঝলসে দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা তদন্ত করে দেখছেন তারা। অভিযুক্ত শহিদুলকে গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯১০ ঘ.