২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় খেলাফতের আমিরসহ গ্রেপ্তার ৪

নেত্রকোনায় খেলাফত আন্দোলনের আমির মাওলানা আব্দুর রকিবসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 05:40 PM

নেত্রকোনা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় খেলাফত আন্দোলনের আমির মাওলানা আব্দুর রকিবসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের বড়বাজার জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাকি তিনজন হলেন- মাওলানা মোহাম্মদ উল্লাহ নাজিম, আব্দুর রহিম ও ইমরান হাসান। নেত্রকোনা সদর মডেল থানার ওসি এ কে এম কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুম্মার নামাজের পর মসজিদের সামনে জেলা খেলাফত আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো তারা। তিনি জানান, বিনা অনুমতিতে মিছিলের চেষ্টা করায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকালে খেলাফত আন্দোলনের আমির আব্দুর রকিব জানান, বিশ্ব শান্তি পরিষদের সভাপতি দেব নারায়ণ মহেশ্বরকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এই মিছিল কর্মসূচি নিয়েছেন তারা। বৃহস্পতিবার কোরবানি নিয়ে দেব নারায়ণ মহেশ্বরের দায়ের করা রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। গত ২৬ জুলাই তিনি রিট আবেদনটি দায়ের করেন। রিট আবেদনে হযরত ইসমাইলের জায়গায় হযরত ইসহাকের নাম ইসলামী শিক্ষার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আদেশ চাওয়া হয়। রিট আবেদনটিতে দেব নারায়ণ মহেশ্বর বলেন, কোরআন, ইঞ্জিল ও তাওরাতে বলা আছে, হযরত ইব্রাহিম (আঃ) তার প্রিয় পুত্র হযরত ইসহাককে (আঃ) আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন। কিন্তু সব পাঠ্যপুস্তকে বলা আছে, হযরত ইব্রাহিম (আঃ) তার প্রিয় পুত্র হযরত ইসমাইলকে (আঃ) আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন। এটি অসত্য ও পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৬ ঘ.