ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, "রমজান মাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মাঠে নামছে পুলিশের অপরাধ দমন বিভাগ, কমিউনিটি পুলিশ ও গোয়েন্দা বিভাগের বিশেষ দল। এছাড়াও বিপণীকেন্দ্র গুলোকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
মহানগরীর যানজটের অন্যতম কারণ হিসাবে তিনি ট্রাফিক আইন মেনে না চলা, নির্ধারিত লেন না মেনে যানবাহন চালানো এবং রাস্তার অপর্যাপ্ততাকে দায়ী করেন।
আগামী ৮ অগাস্ট ২০১০ থেকে মহানগরীতে যানজট নিরসনে বিশেষ কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নগরীর সড়কগুলোকে মোট ১৩টি সেক্টরে ভাগ করে পুলিশের বিভিন্ন বিভাগের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও পুলিশের অপরাধ দমন বিভাগ, সিভিল টিম ও টহল গাড়ির মাধ্যমে পুরো কার্যক্রম তদারকি করা হবে বলে তিনি জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের জনবলের ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, "ঢাকা শহরের ৬ লাখ গাড়ি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে মাত্র ২২০০ ট্রাফিক পুলিশ। এ বিষয়টি বিবেচনা করে আগামী নভেম্বর থেকে নগরীতে ট্রাফিক পুলিশের সংখ্যা ৬৫০ জন বৃদ্ধি করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/১৭৫৭ ঘ.
bdnews24