ঠাকুরগাঁও, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশী শিশু কিশোরকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।"
৫ আগস্ট ভারতের একটি আদালতে শিশুদের হাজির করা হলে আদালত ১০ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করে।
এদিকে ৫ আগস্ট শিশুদের হস্তান্তর করা হতে পারে খবর পেয়ে সীমান্তে হাজির হয় শিশুদের আত্মীয় স্বজন ও শত শত গ্রামবাসী। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে শিশুদের না পেয়ে তাদের খালি হাতে ফিরে আসতে হয়।
২৩ জুলাই সকাল ৭টায় বিএসএফ ওই শিশুদের ধরে নিয়ে যায়।
জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪ নং পিলারের কাছে মিনাপুর বিলে পেতে রাখা জাল ও বরশি আনতে যায় সালাউদ্দিন (১৫), পানিয়া (১৫), সেতাবুর (১০), মন্টু (৮) ও কালাম (১৩)। এসময় ভারতের রায়গঞ্জ ১২০ ব্যাটালিয়নের সনগাঁও বিএসএফ ক্যাম্পের ৮/৯জন সদস্য তাদের ঘিরে ফেলে ও ধরে নিয়ে যায়।
দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ জানান, ৫ বাংলাদেশী শিশু কিশোরকে সীমান্তে কাটাতারের বেড়া কেটে ফেলার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। সেক্টর কমান্ডার এ ব্যাপারে ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ'র আইজি'র সঙ্গে আলাপ করেছেন।
তিনি জানান, আটককৃত ৫ জনের মধ্যে দু'জন প্রাপ্ত বয়স্ক বলে বিএসএফ তাদেরকে জানিয়েছে।
তাদের ২৬ জুলাই আদালতে হাজির করা হলে আদালত ৫ আগস্ট শুনানির দিন ধার্য করে। ঐদিন বা পরদিন শিশুদের ফেরত পাওয়া যেতে পারে বলে বিএসএফ আশ্বাস দিয়েছিল। কিন্তু আদালত পুনরায় ১০ আগস্ট পরবর্তী তারিখ ঘোষনা করেছে।
বৃহস্পতিবার ২ রাইফেলস ব্যাটালিয়নের মিনাপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার আতিয়ার রহমান ও হরিপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার বিডিআর শিশুদের জন্য সীমান্তে অপেক্ষা করে। কিন্তু সন্ধ্যায় খবর আসে ওইদিন শিশুদের ফেরত দেওয়া হবে না।
এদিকে শিশুদের বাবা মাসহ আত্মীয় স্বজন দারুন উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। মন্টুর মা মারুফা মাঝে মাঝেই মুর্ছা যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমসএস/১৭০৭ ঘ.
bdnews24