ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন ওরফে পিচ্চি আনোয়ার (৩৫) নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সায়েদাবাদ বাস টার্মিনালের পশ্চিম পাশে রেল লাইন সংলগ্ন খোলা জায়গায় একদল সশস্ত্র সন্ত্রাসী ডাকাতি বা বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব-১০ এর একটি টহল দল। এছাড়াও ব্যাটালিয়ন সদর, ধলপুর, যাত্রাবাড়ী থেকে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর একটি আভিযানিক দল সেখানে পৌঁছায়।
রাত আড়াইটার দিকে ওই জায়গায় কয়েকজনকে দেখে সেদিকে এগিয়ে গেলে র্যাব সদস্যদের উপর গুলি চালায় তারা। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালায়। এতে দু পক্ষের মধ্যে প্রায় ১৫/২০ মিনিট বন্দুকযুদ্ধ হয়।
গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় সেখানে তল্লাশি করে একজন সন্ত্রাসীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড রিভলবারের গুলি, দুইটি গুলির খোসা এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত পিচ্চি আনোয়ার যাত্রাবাড়ী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, পেশাদার খুনি, চাঁদাবাজ এবং ডাকাত। তার বিরুদ্ধে ডেমরা, যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ, মতিঝিল, খিলগাঁও, কোতয়ালীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানীসহ ১০টির বেশি মামলা রয়েছে।
সে ঢাকা জেলা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও টাংগাইল জেলায় অনেক ডাকাতি ও হত্যাকাণ্ড ঘটিয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলেরও হোতা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/কেএমএস/১৩০৩ ঘ.
bdnews24