ঢাকা, আগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার বাঙালি জাতি পালন করেছে তার প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৯তম প্রয়াণ দিবস।
১৩৪৮ বঙ্গাব্দের ২২ শে শ্রাবণ কবি পৃথিবী থেকে বিদায় নেন।
বাংলা একাডেমি, নজরুল একাডেমি, ছায়ানটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। ছায়ানট ভবনে সন্ধ্যায় রবীন্দ্রনাথের 'তাসের দেশ' অবলম্বনে গীতি নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। এতে অংশ নেন ছায়ানটের শিল্পীরা।
বাংলা একাডেমির উদ্যোগে বিকালে আয়োজন করা হয় একক বক্তৃতামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। একাডেমির সেমিনার কক্ষে 'মৃত্যুহীন রবীন্দ্রনাথ' শীর্ষক বতৃতা দেন কথাশিল্পী আবদুশ শাকুর।
নজরুল ইন্সটিটিউটে সন্ধ্যায় বসে রবীন্দ্র সঙ্গীতের আসর । সেখানে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়।
রবীন্দ্রনাথের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সবক'টি শাখাকে সমৃদ্ধ করেছে। তার লেখা গান বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হয় সর্বক্ষণ। আনন্দ- বেদনায় এমনকি দ্রোহে আজও বাঙালির প্রেরণার উৎস রবীন্দ্রনাথ। বাঙালির মন-মানসিকতা গঠনের, চেতনার উন্মেষের প্রধান অবলম্বন তিনি।
উনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্য ও সঙ্গীতে রবীন্দ্রনাথ এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। তার সাহিত্যকর্ম বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছে বিশ্বদরবারে। এরই স্বীকৃতি হিসেবে ১৯১৩ সালে প্রথম বাঙালি হিসেবে পান নোবেল পুরস্কার।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন হচ্ছে মানুষের মুক্তির দর্শন। মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্বমানবতায়। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই দর্শনের অন্বেষণ করেছেন তিনি। তার কবিতা, গান ও সাহিত্যকর্ম মানুষকে আজো সেই অন্বেষণে উদ্বুদ্ধ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০০ ঘ.
bdnews24