২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ব্যবস্থাপনা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 05:37 PM

সিলেট, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ব্যবস্থাপনা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "এই মুহূর্তে বিদ্যুতের লোডশেডিং পুরোপুরি কমিয়ে আনা সম্ভব নয়। বিদ্যুতের ঘাটতি রয়েছে ঠিকই তবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।" বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দেশের বিদ্যুৎ লাইনে সমস্যা রয়েছে। সমস্যা সমাধানে বিদ্যুৎ লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, "সিলেটকে লোডশেডিং মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি ২০১২ সালের পর সিলেটে আর বিদ্যুতের লোডশেডিং থাকবে না।" সিলেটে বন্ধ থাকা গ্যাসের সংযোগ বিশেষ বিবেচনায় চালু করারও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, ২০১৪ সালের মধ্যে দেশকে লোডশেডিং মুক্ত করার কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বলেন, ট্রান্সফরমার সমস্যার কারণে গ্রাহকদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। এ সমস্যা সমাধানে আরো দুই হাজার নতুন ট্রান্সফরমার কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই ট্রান্সফরমাগুলো কেনা হবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভুঁইয়া শফিকুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২২ ঘ.