চাঁদপুর, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুৃয়া বাজারে আগুনে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার গভীর রাতে বাজারের একটি কাপড়ের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে তাদের প্রায় ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দমকল বাহিনী বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এখনো সম্ভব হয়নি।
আগুনে পুড়েছে আবুল কাশেমের ভূঁইয়া ক্লথ স্টোর, খোরশেদ আলমের মা স্বর্ণা শিল্পালয়, শরীফ খানের ভাই ভাই মুদি স্টোর, মফিজ রেস্টুরেন্ট, মো. ইউনুস মিজির পারভীন মেডিকেল হল এবং কালাম সরকারের মজিব ফার্নিচার।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কাশেমের কাপড়ের দোকানে রাত ৩টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে তা খুব একটা বেশি হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আর/এজে/১৪১০ ঘ.
bdnews24