বগুড়া, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ের প্রতিবাদে বগুড়া বিদ্যুৎ বিভাগের পাওয়ার স্টেশনে হামলা চালিয়েছে সরকারি আযিযুল হক কলেজের একদল ছাত্র।
জেলা শহরের পুরান বগুড়া এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চার ছাত্রকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার সারুকিয়া গ্রামের ফকরুল ইসলাম, নাটোরের আটঘোলা গ্রামের আব্দুল আওয়াল এবং বগুড়ার গুরুদাসপুর থানার বিলহরিগাড়ি গ্রামের সফিকুল ইসলাম ও উজ গ্রামের জয়নাল আবেদীন জয়।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নন্দীতা ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যার পর পুরান বগুড়া এলাকায় প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ ছিলো না। এতে ক্ষুব্ধ হয়ে সে এলাকার বিভিন্ন ছাত্রবাসে থাকা আযিযুল হক কলেজের একদল ছাত্র রাত ১১টার দিকে পাওয়ার স্টেশনে ভাঙচুর করে। এ সময় তারা পাওয়ার স্টেশনের সামনের সড়ক অবরোধও করে।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে বিক্ষুদ্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছয় ছাত্রকে আটক করা হয়। পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনের বিরুদ্ধে ভাঙচুরের মামলা করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/১২০৬ ঘ.
bdnews24