২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিক্ষার্থীসহ তিনজনের লাশ উদ্ধার

ফেনী, নোয়াখালী ও মাগুরায় দুই শিক্ষার্থীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 06:13 PM

Updated : 25 Aug 2022, 05:31 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী, নোয়াখালী ও মাগুরায় দুই শিক্ষার্থীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম গ্রামে মঙ্গলবার রাতে সাখাওয়াত হোসেন মুন্না (৭) নামের এক স্কুলছাত্রের লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি। মুন্না ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলো। পুলিশ ও এলাকাবাসী জানায়, মুন্না মঙ্গলবার সকাল ৯টায় নিখোঁজ হয়। পরে রাত ১১টার দিকে এলাকাবাসী বাড়ির পাশের ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ময়না তদন্তের জন্য মুন্নার লাশ বুধবার ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার কান, মুখ, চোখ, পেট ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলা করা হবে বলে জানিয়েছেন মুন্নার মামা লিটন। নোয়াখালী প্রতিনিধি জানান, বুধবার পুলিশ কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের একটি মাজারের প্রবেশপথ থেকে মমিন উল্লাহ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। দুবৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। মমিন সদর উপজেলার ধন্যপুর গ্রামের আলিম উল্লাহর ছেলে। নিহতের মা রওশন আরা বাদি হয়ে কবিরহাট থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি রতন দাস গুপ্ত। তিনি জানান, লুঙ্গি ও শার্ট পরা মমিনের মুখমণ্ডলের দুপাশে, কপালে ও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম জানান, পূর্ব রাজুরগাঁও গ্রামের মিয়া রাজির মাজারের প্রবেশপথে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কবিরহাট থানায় খবর দেয়। মাগুরা প্রতিনিধি জানান, শ্রীপুর উপজেলার ঘষিয়াল গ্রামে বুধবার বিকালে পূর্ণিমা সমাদ্দার (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে মহেষপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলো। পূর্ণিমা ঘষিয়াল গ্রামের মনোজিৎ সমাদ্দারের মেয়ে। এলাকাবাসী জানায়, বুধবার সকালে পূর্ণিমা পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিলো। দুপুর ১টার পর তার বাড়ি ফিরে আসার কথা। বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে গ্রামের একটি পাট ক্ষেতে তার লাশ পাওয়া যায়। শ্রীপুর থানার ওসি আবদুস ছালেক জানান, গলায় ওড়না পেঁচিয়ে পূর্ণিমাকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। মহেষপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ জানান, দুপুর ১টার পর পূর্ণিমা স্কুল ত্যাগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৩ ঘ.