সিলেট, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দল ছাত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
এ সময় ইনস্টিটিউটের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর হয়।
ছাত্রবাসে খাবারের বকেয়া টাকা পরিশোধ করা নিয়ে বুধবার দুপুরে এই সংঘর্ষর ঘটনা ঘটে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ নেছার উদ্দিন সাংবাদিকদের জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, ছাত্রাবাসের খাবারের টাকা নিয়ে কয়েক দিন ধরে ইনস্টিটিউটের ছাত্রদের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকজন ছাত্র খাবারের টাকা পরিশোধ নিয়ে গড়িমসি করায় এ বিরোধের সৃষ্টি হয়।
এ নিয়ে বুধবার দুপুর ১২টার দিকে কয়েকজন ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ভাংচুর হয় ইনস্টিটিউটের কয়েকটি শ্রেণীকক্ষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- সন্দ্বীপ, মহসিন, আহসান, মশিউর, দেলোয়ার, জুলহাস।
সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24