ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনরায় ময়নাতদন্তের জন্য আড়াই মাস পর এক ব্যাংক কর্মকর্তার লাশ কবর থেকে তোলা হয়েছে।
বুধবার দুপুরে আজিপুর নতুন কবরস্থান থেকে ম্যাজিষ্ট্রেট মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে ব্যাংক কর্মকর্তা শফিউল বারী এডামের লাশ উত্তোলন করা হয়।
পুনঃময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এডামের ভাই ফজলুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৪ মে সবুজবাগের বাসভবন থেকে এডামের লাশ উদ্ধার করা হয়।
তিনি অভিযোগ করেন, তার ভাইকে হত্যা করা হয়েছে। মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল।
এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য গত ১৪ জুলাই পিটিশন মামলা দায়ের করে কবর থেকে লাশ উত্তোলনের অনুমতি নেওয়া হয় বলে জানান তিনি।
সবুজবাগ থানার তৎকালীন ওসি আসাদুজ্জামান ও উপ-পরির্দশক (এসআই) আব্দুর রাজ্জাক এডামের হত্যা ঘটনা চাপা দিতে তা অপমৃত্যুর মামলা হিসাবে চালিয়ে দেন বলে অভিযোগ করেন ফজলুল বারী।
তিনি আরো অভিযোগ করেন, এডামের শশ্বড় বাড়ীর লোকজন ও তার স্ত্রী এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত।
তবে এডামের স্ত্রী পিয়ারুন আক্তার দাবি করেন যে, তার স্বামী খাট থেকে পড়ে মারা যান।
মতিঝিল ট্রাষ্ট ব্যাংকের লোন সেকশনে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন শফিউল বারী এডাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/এইচএ/২১০০ ঘ.
bdnews24