২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আরো এক শিশু খুন

'মায়ের অবৈধ সম্পর্কের কারণে' রাজধানীতে আরো এক শিশু খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 01:54 PM

Updated : 25 Aug 2022, 05:33 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মায়ের অবৈধ সম্পর্কের কারণে' রাজধানীতে আরো এক শিশু খুন হয়েছে। জেনিফা ইসলাম তানহা নামে সাড়ে তিন বছরের ওই মেয়ের গলিত লাশ বুধবার রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে জেনিফার মা হালিমা ইয়াসমীনকে (২৭) আটক করেছে পুলিশ। হালিমা বেগমের সঙ্গে রেজাউল করিম রাজিব নামে এক তরুণের প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকান্ড হয়েছে বলে পুলিশ ধারণা করছে। গত জুন মাসে রাজধানীর আদাবর এলাকায় পরকীয়ার বলি হয় সামিউল নামে এক শিশু। পুলিশ সামিউলের মা আয়েশা হুমায়রা এবং তার প্রেমিক সামসুজ্জামান আরিফকে গ্রেপ্তার করেছে। খিলগাঁও থানার উপপরিদর্শক আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ২৬৯ সিপাহীবাগ এলাকার চারতলা ভবনের কার্নিস থেকে জেনিফার গলিত লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী পচা গন্ধ পেয়ে খোঁজ নিয়ে শিশুর লাশের সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং হালিমাকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি জানান, শিশুটিকে অন্তত ছয়দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসলাম হোসেন জানান, মুদি ব্যবসায়ী ফারুক গাজী স্ত্রী হালিমা ইয়াসমীন ও মেয়ে জেনিফাকে নিয়ে মিরপুরে থাকতেন। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। মিরপুরের রাজিব নামে এক যুবকের সঙ্গে হালিমার পরকীয়া প্রেম শুরু হয় প্রায় দেড় বছর আগে। গত ২৭ জুলাই স্বামীর ঘর ছেড়ে মেয়েকে নিয়ে রাজিবের সঙ্গে সিপাহিবাগের এই ভাড়া বাসায় ওঠে। হালিমা পুলিশের কাছে দাবি করেছেন, ফারুকের কাছ থেকে চলে আসার পর রাজিবকে তিনি বিয়ে করে এই বাসায় ওঠেন। পুলিশ কর্মকর্তা আসলাম হোসেন জানান, এই বাসায় উঠার পরপরই তাদের মধ্যে জেনিফাকে নিয়ে ঝগড়া হয়। একদিন পর ২৯ জুলাই রাজিব কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তখন থেকে জেনিফাকেও পাওয়া যাচ্ছিল না বলে হালিমা জানান। জেনিফাকে বেশ কয়েকদিন ধরে পাওয়া না গেলেও এ ব্যাপারে হালিমা আশপাশের কাউকে এমনকি থানায়ও কোনো অভিযোগ করেনি বলে জানান আসলাম হোসেন। পুলিশ কর্মকর্তা আসলাম হোসেনের ধারণা, হত্যার বিষয়টি হালিমা জানে এবং হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। তাকে ও রাজিবকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যার পুরো ঘটনা বেরিয়ে আসবে। রাজিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান আসলাম হোসেন। এদিকে এই ঘটনার পর হালিমার কাছে তথ্য নিয়ে জেনিফার পিতা ফারুক গাজীকে পুলিশ খবর দেয়। ফারুক গাজী পুলিশের কাছে অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে রাজীবের অবৈধ সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে সে তার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাজীব ও হালিমা পরিকল্পনা করে তার মেয়েকে হত্যা করেছে বলে ফারুক গাজী অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/১৯৪২ ঘ.