নড়াইল, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে মুক্তিযোদ্ধার কবর ভাঙ্গার অভিযোগে জেলা প্রশাসকসহ ২০/৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।
আসামিদের মধ্যে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকীদের কথা বলা হয়েছে অজ্ঞাতনামা।
মামলার অন্য আসামিরা হলেন- লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কুমার মন্ডল, নির্বাহী ম্যাজিস্ট্রেট তবিবুর রহমান, লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার।
নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড ইউনিটের সহকারি কামাণ্ডার (সাংগঠনিক) তরিকুল আলম মুন্নু বুধবার সকাল ১০টার দিকে জৈষ্ঠ্য বিচারিক হাকিম মো. কেরামত আলীর আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে লোহাগড়া থানার ওসিকে আগামী ১১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার বিবরণে বলা হয়, শহীদ মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে নড়াইলের লোহাগড়া উপজেলা বড়দিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে কবর দেওয়া হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী সেখানে শ্রদ্ধা নিবেদন করে।
মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ জুলাই আসামিদের হুকুমে অজ্ঞাত ২০/৩০ জন শ্রমিক শাবল, কুড়াল, লোহার রড ও হাতুড়ি নিয়ে বড়দিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ইদ্রিস আলীর কবর ভেঙ্গে ফেলে। এ ঘটনা মুক্তিযোদ্ধাদের অনুভূতিতে আঘাত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪০৯ ঘ.
bdnews24