চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন্ধের মধ্যেও বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘটসহ ক্যাম্পাস অচল করে রাখার কর্মসূচিও চলবে বলে জানিয়েছে 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্ধিত বেতন-ফিবিরোধী সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ'।
মঙ্গলবার বিকালে নগরীর ইসলামাবাদী মেমোরিয়াল হলে সংবাদ সম্মেলন করে কর্মসূচি চালিয়ে যাওয়া বিষযটি জানায় সাধারণ ছাত্র-ছাত্রীদের এই সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু ইউসুফ ও প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন এর পদত্যাগও দাবি করেছে তারা।
আটদিন লাগার বিক্ষোভের পর সোমবার বিশ্ববিদ্যালয় দেড় মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব মামলায় গ্রেপ্তার করা হয় ৫৪ জন ছাত্রকে। এদের মধ্যে ২৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষে আবুল বাশার সোহাগ, রুচি ভট্টাচার্য ও ফজলে রাব্বী বলেন, ক্যাম্পাসে ভাংচুরের দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলন পণ্ড করে দিতে উপাচার্য তার 'পোষা বাহিনী' দিয়ে এই সংঘর্ষ ও ভাংচুর করিয়েছে।
তারা বলেন,উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে তিনিই শিক্ষার্থীদের শিক্ষাজীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন।
দায়িত্বহীন প্রশাসন ও উপাচার্যের অধীনে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষাসহ কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেবে না বলেও জানান তারা।
এদিকে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও ভাংচুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদের অভিযোগ এনে ছাত্রলীগও উপাচার্যের অপসারণ দাবি করেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে তারা ।
অন্যদিকে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় জড়িয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম বিশ্বদ্যিালয় সাংবাদিক সমিতি।
মঙ্গলবার বিকালে নগরীর প্রেসক্লাব চত্বরে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে সাংবাদিক সমিতি। সমাবেশে উপস্থিত সাংবাদিকরা এ ঘটনার জন্য উপাচার্যকে দায়ী করেন।
এতে চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন সংহতি প্রকাশ করে মামলা করার নিন্দা জানান।
রোববার নগরীর ষোলশহর রেলস্টেশনে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় জড়িয়ে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনিরুল ইসলাম সোহাগ ও দৈনিক কালের কন্ঠের রাজীব নন্দীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/২৩৩৯ ঘ.
bdnews24