২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নেল ও ওসির বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

বিডিআর'র এক সেক্টর কমান্ডার এবং মোহাম্মদপুর থানার ওসিসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে রাজধানীর একটি বাড়ি দখল চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 05:28 PM

ঢাকা, আগষ্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর'র এক সেক্টর কমান্ডার এবং মোহাম্মদপুর থানার ওসিসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে রাজধানীর একটি বাড়ি দখল চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং প্রকল্প এলাকার মো. সহিদুল ইসলাম সেরনিয়াবাত এ অভিযোগ করেন। মহানগর হাকিম শাহাদাত হোসেন অভিযোগের শুনানি গ্রহণ করেন। বুধবার এ ব্যাপারে আদেশ দেওয়া হবে। অভিযুক্তরা হলেন- বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহাম্মেদ, মোহাম্মদপুর থানার ওসি মঈনুল আফসার, উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন, ওসমান গণি ওরফে বিডিআর ওসমান, আবু সাঈদ ব্যাপারী (ডিসিসিরি ৪৬ নম্বর ওয়ার্ড কমিশনার), আমির হোসেন, স্বর্ণা, নাজনীন, আমির হোসেন (২) এবং অজ্ঞাত পরিচয় আরো ৪০-৫০ জন। অভিযোগে বলা হয়, বাদী ২০০৯ সালের ৯ মার্চ নবীনগর হাউজিং প্রকল্পে প্লট কিনে একটি বাড়ি নির্মাণ করেন। তার বাড়ির নম্বর ১০। ওই প্লটে ১৪৯২ নম্বর দলিলে জমির পরিমাণ ০.০৮৫ শতাংশ। কিন্তু কর্নেল আজিজ আহাম্মেদ গত ৩০ জুলাই পুলিশের উপস্থিতিতে বাদীর বাড়িসহ ভাড়াটিয়াদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় তারা বাড়ির মালামালও লুট করে। তবে কর্নেল আজিজ আহাম্মেদ তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। অভিযোগে আরো বলা হয়, এ ঘটনায় সহিদুল গত ৩১ জুলাই মোহাম্মদপুর থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি। এরপর থেকে আসামিদের পক্ষ নিয়ে পুলিশ তাকে হুমকি-ধমকি দিয়ে আসছে। বাদী সহিদুল এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়। আরজিতে আরো জানানো হয়, কর্নেল আজিজের চার ভাই- আনিস আহম্মেদ, হারিছ আহম্মেদ, সাঈদ আহম্মেদ টিপু এবং তোফায়েল আহম্মেদ জোসেফ ঢাকার শীর্ষ সন্ত্রাসী। তাদের মধ্যে কেউ সাজাপ্রাপ্ত, কেউ পলাতক, কেউ কারাগারে এবং কেউ মারা গেছে। এ ব্যাপারে বাদী সহিদুল ইসলাম সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, ডিজিএফআই ও ডিজি র‌্যাব বরাবর প্রতিকারের জন্য আবেদন করেন বলেও আরজিতে বলা হয়। এ ব্যাপারে সন্ধ্যায় কর্নেল আজিজ আহাম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ওই জমি বৈধভাবে কিনে দেড় বছর যাবত ভোগ দখল করে আসছি। অভিযোগকারী এর আগে স্থানীয় সাংসদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের কাছেও এ অভিযোগ করেন।" তিনি জানান, অভিযোগকারী যে দলিলের ভিত্তিতে জমিটি নিজের বলে দাবি করছেন সেই দলিলটির বৈধতা নিয়ে আদালতে একটি মামলা চলছে। বিডিনিউজ টেেেয়ন্টিফোর ডটকম/পিবি/জেবি/ডিডি/২১২৬ ঘ.