ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরে ১৭টি বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপনের অংশ হিসেবে ১২টির জন্য জমি নির্বাচন এ মাসেই চূড়ান্ত হচ্ছে।
মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের এক সভায় এই নির্বাচন সম্পন্ন হয়।
আরো চারটি বিদ্যালয় ও একটি মহাবিদ্যায়ের স্থান নির্বাচন করে তা উপস্থাপন করতে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
জমি নির্বাচন করা হয়েছে নয়টি স্থানে। এরমধ্যে সাতটি সরকারি ও দু'টি ব্যক্তি মালিকানার।
স্থান নির্বাচন চূড়ান্ত হওয়ার পরই সরকার জমি অধিগ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা।
প্রাথমিকভাবে নির্বাচিত মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় ব্যক্তি মালিকানার ৬০ শতাংশ জমিতে একটি মহাবিদ্যালয়, বাংলাদেশ ব্যাংকের পূর্ব পাশে মানিকনগর কমিউনিটি সেন্টারের পাশে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ৭১ দশমিক ৯৬ শতাংশ জমিতে একটি বিদ্যালয়, মুগদাপাড়া হাসপাতালের পাশে কমলাপুর স্টেশনের পূর্বে রেলওয়ের জায়গায় নয় দশমিক ৫৫ একর জমিতে একটি মহাবিদ্যালয় এবং রাজারবাগ দক্ষিণ বাসাবো এলাকায় গণপূর্ত অধিদপ্তরের দুই একর ৭৫ দশমিক ৩২ শতাংশ জমিতে একটি করে বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপন করা হবে।
এছাড়া মোহাম্মদপুর রিং রোডে দুই একর ৪০ শতাংশ ও বর্ধিত পল্লবী এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আট একর জমিতে একটি করে বিদ্যালয় ও মহাবিদ্যালয়, উত্তরার আশকোনা হাজি ক্যাম্পের পাশে বিমানবন্দর এবং সড়ক ও রেলপথ বিভাগের পাঁচ একর জমিতে একটি করে বিদ্যালয় ও মহাবিদ্যালয়, উত্তরা মডেল টাউনের রানাভোলা (১০ নম্বর সেক্টরের ৮ নম্বর রোড সংলগ্ন) ব্যক্তি মালিকানার এক একর জমিতে একটি মহাবিদ্যালয় এবং মোহাম্মদপুরে ঢাকা কর্মাশিয়াল কলেজ ক্যাম্পাসে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অব্যবহৃত দুই দশমিক ৭০ একর জমিতে একটি করে বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
সভায় উপস্থিত বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা এসব জমিতে বিদ্যালয় ও মহাবিদ্যালয় নির্মাণের ব্যাপারে তাদের অনাপত্তির কথা জানান।
সভায় শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান বলেন, শিগগিরই বাকি পাঁচটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের স্থানের ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে।
ভূমি মন্ত্রীর সভাপতিত্বে সভায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভূমি সচিব আতাহারুল ইসলামসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা মহানগরে ১১টি বিদ্যালয় ও ছয়টি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এর তদারকির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন) সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া জমির অধিগ্রহণসহ সব কাজ সমন্বয় করবে এ কমিটি।
প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয় হবে ছয়তলা ভিত্তির ওপর চারতলা ভবন। এখানে সুপরিসর খেলার মাঠও থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/২১০০ ঘ.
bdnews24