২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে 'আলবদর'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধকালে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে এক 'আলবদর'র বিরুদ্ধে মামলা হয়েছে শেরপুরের একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

শেরপুর, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধকালে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে এক 'আলবদর'র বিরুদ্ধে মামলা হয়েছে শেরপুরের একটি আদালতে। মঙ্গলবার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন শেরপুর পৌরসভার মধ্যশেরী মিয়াবাড়ী মহল্লার মো. মমিনুল ইসলাম লিটন (৫০)। বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শেরপুর সদর থানাকে। মামলার আসামি হলেন- মধ্যশেরী মিয়াবাড়ী মহল্লার মো. রশিদ মাহমুদ ওরফে কাজী মাহমুদ (৬৫)। এতে অজ্ঞাত পরিচয় আরো ৬/৭ জনকেও আসামি করা হয়। মামলায় তাদের আলবদর বলে উল্লেখ করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ১৬ আগস্ট কাজী মাহমুদের নেতৃত্বে একদল আলবদর ও রাজাকার মধ্যশেরী মিয়াবাড়ী গিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এরপর তারা মুক্তিযোদ্ধা আশরাফুল আলমকে সদর উপজেলার সাপমারী হাই স্কুলের মাঠে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে। এরপর তার দুই চোখ উপড়ে নিয়ে উল্লাসে মেতে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৮ ঘ.